Image description

নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছিলেন। আর সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার জর্ডান হার্মান। ওয়ানডে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

টেম্বা বাভুমা, এইডেন মার্করামসহ নিয়মিত খেলোয়াড়দের প্রায় কেউই নেই নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। কনর এস্তেহুইজেনের সঙ্গে তাই ওপেনিংয়ের সুযোগ পান ২৪ বছর বয়সী হার্মানের।

সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন হার্মান। ১২৬ বলে তিন ছয় ও ১৭ চারে তিনি খেলেন ১৫০ রানের ইনিংস। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ২০তম ক্রিকেটার তিনি, দক্ষিণ আফ্রিকার পঞ্চম।

ওয়ানডে ইতিহাসের কেবল দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে নিজের প্রথম ইনিংসে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হার্মান। আগের জনও ছিলেন দক্ষিণ আফ্রিকান। গত বছর প্রথমবার কীর্তিটি গড়েন ম‍্যাথু ব্রিটজক। লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে পাঁচ ছয় ও ১১ চারে তিনিও খেলেন ঠিক ১৫০ রানের ইনিংস। হারমানের আগে ওয়ানডে অভিষেকে সবশেষ সেঞ্চুরি করেন তিনিই।

ব্রিটজকের আগে এই রেকর্ডের চূড়ায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান।

হেইন্সের সেই কীর্তি অক্ষত ছিল প্রায় সাড়ে চার দশক। ব্রিটজকের রেকর্ডে ভাগ বসল দেড় বছরেই।