হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানের বড় হারের পর ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। আর ঠিক এমন মুহূর্তে পাকিস্তান শিবিরের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো বাবর আজমের ফিটনেস। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টেই দলের এই তারকা ব্যাটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সফরকারীরা। অনুশীলনে বাবরকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে বলে নিশ্চিত করেছেন দলের বোলিং কোচ উমর গুল। ক্রিকইনফো’র প্রতিবেদন।
আগামীকাল বৃহস্পতিবার ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে আঘাত পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার, পরে ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে একই জায়গায় ফের চোট পান তিনি।
তবে ঐতিহাসিক লর্ডস টেস্টের আগে নেটে ফিরেই ব্যাট হাতে স্বরূপে দেখা গেছে বাবরকে। উমর গুল জানান, নেটে কোনো অস্বস্তি ছাড়াই ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছেন তিনি। গুল বলেন, ‘বাবর নেটে ব্যাটিং করেছে। ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে। পুরো একটি ব্যাটিং সেশন করেছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।’
প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় মাশুল গুনতে হয়েছিল পাকিস্তানকে। দুই ইনিংসের কোনোটিতেই ২০০ রানের কোটা পেরোতে না পেরে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সফরকারীরা।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন বাবর। দুই ফিফটিতে চার ইনিংসে করেছিলেন ১৯৩ রান, যার মধ্যে দুই ইনিংসে ছিলেন অপরাজিত। সেই সিরিজের আগেই টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল তার কাঁধে। লর্ডসে মাঠে নামলেই ইংল্যান্ডের মাটিতে প্রথমবার জাতীয় দলকে লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ঝুলিতে পুরবেন বাবর।
ইংল্যান্ডের কন্ডিশনে বাবরের পরিসংখ্যানও বেশ ঈর্ষণীয়। দেশটিতে ৬ টেস্ট ইনিংসে ৬৫.৭৫ গড়ে তিনটি ফিফটি রয়েছে তার। অন্যদিকে থ্রি লায়ন্সদের বিপক্ষে ১৪ টেস্ট ইনিংসে ফিফটি ও সেঞ্চুরিসহ প্রায় ৫৪ গড়ে রান করেছেন তিনি।