Image description

বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম ইদ্রিস আলী (৫০)। তিনি উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হাঁপানিয়া উত্তরপাড়া গ্রামের মৃত মন্টু আকন্দের ছেলে।

এ ঘটনায় ওই গৃহবধূ (২৮) বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে গাবতলী মডেল থানায় নির্যাতনের মামলা করেছেন।

 
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে ইদ্রিস আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই ইদ্রিস আলী বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও নির্যাতন বন্ধ হয়নি।

 
 

মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ইদ্রিস আলী তাকে গালাগাল করেন। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তার দুই হাত রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে মাথার চুল কেটে দেন। এরপর তাকে ঘরে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাইরে চলে যান।

 

পরে ওই গৃহবধূ তার ১২ বছর বয়সী মেয়ের সহায়তায় ঘর থেকে বের হয়ে বাবার বাড়ি গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে যান। এ সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ‘ওই গৃহবধূর দায়ের করা মামলায় ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কালবেলা