Image description

অবশেষে সুখবর এলো। ইন্দোনেশিয়ার মাটিতে ফিফা আয়োজিত আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভারতের খেলার কথা ছিল। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেয়। ফলে তাদের জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশ দলকে খেলার অনুমোদন দিয়েছে ফিফা ও আয়োজকরা। আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করা হয়। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে (শুক্রবার) রাত্রে সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। আসিয়ান কাপ খেলতে যাচ্ছি আমরা এবং খেলার অনুমতি পেয়েছি।’

 

বিজ্ঞাপন

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপ। দুই গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশসহ মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নেবে। ভারতের জায়গায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আর ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইনস ও পাকিস্তান। 

দৈনিকখবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

 

 

এই প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে আসিয়ান কাপ। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশের বাইরে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল চীন, ভারত ও হংকংকে। আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনটি দেশই। কিন্তু আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ভারত একটি প্রীতি ম্যাচ খেলবে। তাই আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছে তারা। ভারতের জায়গায় আমন্ত্রিত দেশ হিসেবেই আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ।

 

আগামী নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের সামনে রয়েছে সাফ চ্যাম্পিয়নিশপ আসর। সাফের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বাংলাদেশের। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য দলকে ভালোভাবে প্রস্তুত করার পরিকল্পনায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ঘরের মাঠে কিংবা কিরগিজস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু এই পরিকল্পনার মধ্যেই আসিয়ান কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করায় সুযোগ লুফে নিয়েছে বাফুফে। ফলে সেপ্টেম্বরের উইন্ডোতে আসিয়ান কাপ খেলেই সাফের জন্য প্রস্তুত হবেন হামজা-শমিতরা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলবেন তারা। এ টুর্নামেন্টে অংশ নেওয়ায় বাংলাদেশ দলের যাতায়াত ও আবাসনের ব্যয় ভার বহন করবে ফিফা। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণ ফি ও অর্থ পুরস্কারও রয়েছে। এরই মধ্যে বাফুফের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আসিয়ান কাপ সামনে রেখে আগামী ২৭ আগস্ট থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলির অধীনে প্রস্তুত হবে বাংলাদেশ দল।