এসএসসি পাসের আনন্দে মিষ্টি কেনার বদলে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় জমানো টাকা তুলে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছিল সখীপুরের একদল শিক্ষার্থী। এবার সেই উদ্যোগে সাড়া দিয়ে অসুস্থ লাইলী বেগমের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী।
শনিবার (২২ আগস্ট) সকালে সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ২ লাখ টাকার চেক লাইলী বেগমের পরিবারের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, চিকিৎসার জন্য দ্রুত আরও ৩ লাখ টাকা দেওয়া হবে।
লাইলী বেগম বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার ক্যানসার চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।
গত ১৬ আগস্ট এসএসসি পাসের পর নাঈমের সহপাঠীরা মিষ্টি না কিনে নিজেদের জমানো ২০ হাজার টাকা তার মায়ের চিকিৎসার জন্য তুলে দেয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা আরও ২০ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়ান। শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
আহমেদ আযম খান বলেন, শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের খবর শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়েছেন। তিনি লাইলী বেগমের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে আজ ২ লাখ টাকা দেওয়া হয়েছে এবং বাকি ৩ লাখ টাকাও দ্রুত দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সখীপুর-বাসাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল মামুন, সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।