Image description
সব প্রতিকূলতা ও স্নায়ুচাপ সামলে ইতিহাস গড়ল ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই দলটি। জাতীয় দলের উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিমের এক মাত্র গোল ও শেষ মুহূর্তের জমাট রক্ষণে ভর করে প্রথমবার এএফসির মঞ্চে নেমেই স্মরণীয় এক সাফল্য অর্জন করল ফর্টিস।
 
ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় তীব্র গরমকে কৌশলগত অস্ত্র হিসেবে কাজে লাগায় ফর্টিস। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচের শুরু থেকেই দিকবিদিক হারিয়ে ফেলে শীতপ্রধান দেশ কিরগিজস্তানের দল মুরাস। ম্যাচের প্রথমভাগেই ফর্টিসের চুকউড ও পা ওমর বাবু কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন। ২২ মিনিটে পা ওমর বাবুর শট গোলরক্ষককে পরাস্ত করলেও তা পোস্টে লেগে প্রতিহত হয়। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
 
 
 
বিরতির পর ম্যাচের গতি বাড়ালে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ৫২ মিনিটে মাঝমাঠ থেকে পা ওমর বাবুর চোখধাঁধানো থ্রু পাস ধরে বক্সে ঢুকেই ঠান্ডা মাথার শটে মুরাস গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান মোহাম্মদ ইব্রাহিম (১-০)। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়, যখন ওমরের কর্নার ও এরিক বিসতার বাঁকানো শট অলৌকিকভাবে রক্ষা করেন মুরাস গোলরক্ষক ওরেস্ট কস্তিক।
 
ম্যাচের ৭৪ মিনিটে নাটকীয় মোড় নেয় লড়াই। বক্সের ভেতর বিসতার হ্যান্ডবলে পেনাল্টি পায় গত আসরের সেমিফাইনালিস্ট মুরাস। তবে আতাবায়েভ এরবোলের নেওয়া পেনাল্টি কিক সাইড পোস্টে লেগে প্রতিহত হলে রক্ষা পায় ফর্টিস। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মুরাস অলআউট আক্রমণ চালিয়েও ফর্টিসের রক্ষণব্যূহ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের ইতিহাসগড়া জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের ক্লাবটি।
 
সময়ের আলো