Image description
একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে শুধু নিয়মিত ভিডিও প্রকাশ করলেই হবে না। দর্শক ধরে রাখা, ভিউ বাড়ানো এবং নির্দিষ্ট সংখ্যক গ্রাহক অর্জনের পাশাপাশি এবার পূরণ করতে হবে আরও কঠিন কিছু শর্ত।
 
ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করার যোগ্যতা অর্জনের নিয়মে পরিবর্তন আনছে ইউটিউব। নতুন নিয়ম
২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তবে এরই মধ্যে ইউটিউবের অংশীদার কর্মসূচিতে থাকা চ্যানেলগুলো নতুন নিয়মের আওতায় পড়বে না।
 
নতুন নিয়মে অংশীদার কর্মসূচিতে যোগ দেয়ার জন্য ১ হাজার গ্রাহকের শর্ত অপরিবর্তিত থাকছে। তবে, দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে গত ১২ মাসে প্রয়োজনীয় প্রকাশ্য দেখার সময় ৪ হাজার ঘণ্টা থেকে বাড়িয়ে ৮ হাজার ঘণ্টা করা হবে।
 
অন্যদিকে, ছোট ভিডিও থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় করতে হলে গত ৯০ দিনে প্রয়োজন হবে ১ কোটি যোগ্য ভিউ।
 
ছোট ভিডিও (শর্টস) থেকে আয় পেতে বাড়ছে চাপ
 
কোনো চ্যানেল ৯০ দিনে ১ কোটি যোগ্য ভিউয়ের লক্ষ্যে পৌঁছাতে না পারলে, ছোট ভিডিও থেকে রাজস্ব ভাগাভাগির সুবিধা পাবে না। তবে এতে চ্যানেলটি পুরোপুরি ইউটিউবের অংশীদার কর্মসূচি থেকে বাদ পড়বে না।
 
চ্যানেলটি দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবে। পরে আবার ছোট ভিডিওর প্রয়োজনীয় ১ কোটি ভিউ পূরণ করলে ওই অংশের রাজস্ব ভাগাভাগির সুবিধাও চালু হবে।
 
ইউটিউবের ভাষ্য, নির্মাতা অর্থনীতি বড় হওয়ার সঙ্গে সক্রিয় নির্মাতাদের আরও কার্যকরভাবে পুরস্কৃত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। তবে নতুন নির্মাতাদের জন্য দেখার সময় ও ভিউয়ের লক্ষ্য বাড়ায় আয়ের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতা আরও কঠিন হবে।
 
শুধু বিজ্ঞাপননির্ভর আয় নয়
 
নির্মাতাদের আয়ের সুযোগ বাড়াতে বিজ্ঞাপনের বাইরেও নতুন কিছু উদ্যোগের কথা জানিয়েছে ইউটিউব। এর মধ্যে ইউটিউবের পণ্য বিক্রয় কার্যক্রমের সঙ্গে যুক্ত বোনাস, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির জন্য প্রণোদনা এবং প্ল্যাটফর্মে নতুন ধারা তৈরি বা জনপ্রিয় করা নির্মাতাদের বাড়তি আয়ের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।
 
এসব উদ্যোগের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি।
 
ইউটিউবের তথ্য অনুযায়ী, বর্তমানে অংশীদার কর্মসূচিতে ৩০ লাখের বেশি নির্মাতা রয়েছেন। ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় নির্মাতাদের আরও বেশি অর্থ দেয়ার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
 
প্রিমিয়াম লাইট থেকেও আয় করবেন নির্মাতারা
 
ইউটিউব প্রিমিয়াম চালু থাকা সব দেশে ‘প্রিমিয়াম লাইট’ চালুর পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সেবার গ্রাহকেরা কত সময় ভিডিও দেখছেন ও কত ভিউ তৈরি হচ্ছে, তার ভিত্তিতে নির্মাতারা সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ পাবেন।
 
ইউটিউবের হিসাব অনুযায়ী, প্রিমিয়ামের নিট সাবস্ক্রিপশন আয়ের ৩০ শতাংশ এবং প্রিমিয়াম লাইটের ৬০ শতাংশ নির্মাতাদের রাজস্ব তহবিলে বরাদ্দ করা হবে।
 
এরপর দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে নির্মাতারা ৫৫ শতাংশ এবং ছোট ভিডিওর ক্ষেত্রে ৪৫ শতাংশ রাজস্বের অংশ পাবেন।
প্রতিদিন ছোট ভিডিওর ভিউ ২০ হাজার কোটির বেশি
 
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফরমটিতে প্রতিদিন ছোট ভিডিওর ভিউ ২০ হাজার কোটির বেশি। টেলিভিশন পর্দায় প্রতিদিন ইউটিউব ভিডিও দেখার সময়ও ১০০ কোটি ঘণ্টার বেশি।
 
দর্শক ও নির্মাতার সংখ্যা বাড়ার সঙ্গে প্ল্যাটফর্মে আয়ের সুযোগ যেমন বাড়ছে, তেমনি সেই আয়ের অংশ পেতে প্রতিযোগিতাও কঠিন হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে বিশেষ করে নতুন নির্মাতাদের জন্য প্রয়োজনীয় দেখার সময় ও ভিউয়ের লক্ষ্যে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।