মাঠে সর্বকালের সেরা হিসেবে এগিয়ে থাকলেও আর্থিক সাফল্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেছনে পড়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অর্থনৈতিক সাময়িকী ‘ফোর্বস’-এর সর্বশেষ তালিকা অনুযায়ী, গত এক বছরে ৩০ কোটি মার্কিন ডলার (প্রায় ৩,৭৫০ কোটি টাকা) আয় করে বিশ্ব ফুটবলে আয়ের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ও আল নাসর ফরোয়ার্ড টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের খেতাব অর্জন করলেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে মাঠের পারিশ্রমিক ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি মিলিয়ে রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১২০ কোটি ডলার (প্রায় ১৫ হাজার কোটি টাকা) ছাড়িয়ে গেছে। গলফ কিংবদন্তি টাইগার উডসের পর এটি বিশ্ব ক্রীড়া ইতিহাসের অন্যতম শীর্ষ আর্থিক সাফল্যের রেকর্ড।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত এক বছরে তার মোট আয় ১৪ কোটি ডলার (প্রায় ১,৭৫০ কোটি টাকা)। ক্যারিয়ারে মেসির অর্জিত মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি ডলার (প্রায় ১৩,৭৫০ কোটি টাকা)।
৯ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১,১৮৭ কোটি টাকা) আয় করে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বেতন-বোনাসের বাইরে ফেয়ারমন্ট হোটেলস ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যালানের মতো শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ও বিনিয়োগ করে নিজের আয় বাড়িয়েছেন তিনি।
তালিকায় ৮ কোটি ডলার (প্রায় ১,০০০ কোটি টাকা) আয় নিয়ে চতুর্থ স্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ২৫ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সেরা পাঁচের শেষ স্থানটি দখল করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত ১২ মাসে তার সংগৃহীত আয়ের পরিমাণ ৬ কোটি ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা)। স্প্যানিশ ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে তার বাণিজ্যিক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।