Image description

বাংলাদেশ ক্রিকেটে তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখার পরিবর্তে আবারও দুই অধিনায়কের মডেলে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন ছিল। আমি বিশ্বাস করি আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত- সাদা বল এবং লাল বলের জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিটন দাস সাদা বলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নাজমুল হোসেন শান্ত লাল বলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ।’

বিজ্ঞাপন

তাওহীদ হৃদয়ের সহ-অধিনায়ক হওয়ার ঘোষণাটাও তামিম ইকবাল দিয়ে বলেন, ‘সাদা বলের ভাইস-ক্যাপ্টেন হবেন তাওহীদ হৃদয়। আর লাল বলের ভাইস-ক্যাপ্টেন আগের মতোই থাকবেন।’

অধিনায়ক নয় মিরাজকে খেলোয়াড় হিসেবেই বেশি প্রয়োজন বলে মনে করেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘মিরাজ একজন অত্যন্ত সফল ক্যাপ্টেন ছিলেন। গত পাঁচটি সিরিজের মধ্যে চারটিতে তিনি দলকে জয় এনে দিয়েছেন; কিন্তু আমি মনে করি, মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফরমার হিসেবে আমরা তাকে যে পর্যায়ে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে সে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে। আমরা চাই সে নিজের খেলায় আরও বেশি মনোযোগ দিক এবং দলের জন্য সর্বোচ্চ অবদান রাখুক।’

বিজ্ঞাপন

 

নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ দলে সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা নেতৃত্ব কাঠামো কার্যকর হলো। সাদা বলের নেতৃত্বে থাকছেন লিটন দাস, অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে বহাল রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। একই সঙ্গে সাদা বলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। আর টেস্টে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন মিরাজ।