টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজ মধ্যরাতে নিউজার্সিতে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে এর আগে মাত্র দুটি দেশ নিজেদের শিরোপা ধরে রাখতে পেরেছে, আজ তৃতীয় দেশ হিসেবে সেই তালিকায় নাম লেখানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আলবিসেলেস্তেরা। মহাগুরুত্বপূর্ণ এই ফাইনালের আগে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচে কোনও নতুন চোটের আঘাত না থাকলেও, সেই ম্যাচে বদলি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স স্ক্যালোনিকে বেশ ভাবিয়েছিল।
গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ যথারীতি তার এক নম্বর স্থান ধরে রেখেছেন। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের রক্ষণ জুটি নিয়ে গ্যারি নেভিলের মতো ফুটবল বোদ্ধারা সমালোচনা করলেও কোচের প্রথম পছন্দ হিসেবে তারাই থাকছেন সেন্টার-ব্যাকে।
তবে একাদশে পরিবর্তন এসেছে রাইট-ব্যাকে; ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলা গনজালো মন্টিয়েল আজ নাহুয়েল মলিনার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। অন্যদিকে বাঁ পাশে ফাকুন্দো মেদিনার চেয়ে নিকোলাস তাগলিয়াফিকোকেই পছন্দ করেছেন স্কালোনি।
মাঝমাঠে থাকছেন প্রিমিয়ার লিগের দুই তারকা এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। উইংয়ে তাদের সঙ্গী হচ্ছেন রদ্রিগো ডি পল ও নিকো গঞ্জালেজ। আর আক্রমণভাগে যথারীতি দলের মূল কাণ্ডারি হিসেবে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অবিশ্বাস্য ফুটবল খেলে দলকে ফাইনালে তোলা ৩৯ বছর বয়সী এই খুদে জাদুকর আজ আন্তর্জাতিক ক্যারিয়ারের এক রূপকথার সমাপ্তি টানার দোরগোড়ায় দাঁড়িয়ে। মেসির সঙ্গে স্ট্রাইকিং লাইনে থাকছেন হুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনার একাদশ (৪-১-৩-২):
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গনজালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, নিকো গঞ্জালেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।