আগামীকাল ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি। এটি শুধু আরেকটি বিশ্বকাপ ফাইনাল নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের জন্য হতে পারে রেকর্ডের মহোৎসব। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর এবার আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার সুযোগ রয়েছে তার সামনে। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও ১১টি ঐতিহাসিক কীর্তি গড়ার হাতছানি দিচ্ছে এলএম টেনকে।
১. ফাইনালে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়
ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। এর ফলে তিনি বিশ্বকাপ ফাইনাল খেলা ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড (গোলরক্ষক ছাড়া) ফুটবলার হবেন। সর্বকালের রেকর্ড এখনো ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে, যিনি ১৯৮২ সালের ফাইনালে খেলেছিলেন ৪০ বছর ১৩৩ দিন বয়সে।
২. তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা দ্বিতীয় অধিনায়ক
স্পেনের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে মেসি বিশ্বের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার নজির গড়বেন। এর আগে এ কীর্তি ছিল শুধু ব্রাজিলের কিংবদন্তি কাফুর, যিনি ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
৩. আর্জেন্টিনার ইতিহাসে প্রথম
মেসি হবেন আর্জেন্টিনার প্রথম অধিনায়ক, যিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশকে নেতৃত্ব দেবেন। এতদিন এ রেকর্ড ছিল দিয়েগো ম্যারাডোনার, যিনি ১৯৮৬ ও ১৯৯০ সালের দুটি ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন।
৪. প্রথম অধিনায়ক হিসেবে দুই বিশ্বকাপ জয়ের সুযোগ
ফুটবল ইতিহাসে একাধিকবার বিশ্বকাপ জেতা খেলোয়াড়ের সংখ্যা কম নয়। কিন্তু কোনো অধিনায়ক পরপর দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারেননি। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সেই অনন্য রেকর্ডের মালিক হবেন মেসি।
৫. ফাইনালে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার সুযোগ
স্পেনের বিপক্ষে গোল করতে পারলে মেসি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হবেন। বর্তমানে এ রেকর্ড সুইডেনের নিলস লিডহোমের, যিনি ১৯৫৮ সালের ফাইনালে ৩৫ বছর ২৬৪ দিন বয়সে গোল করেছিলেন।
৬. ৯৬ বছরের পুরোনো আর্জেন্টাইন রেকর্ড ভাঙার সুযোগ
বর্তমান বিশ্বকাপে এরই মধ্যে আট গোল করেছেন মেসি। ফাইনালে আরও একটি গোল করলে তিনি ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্টাবিলের আট গোলের রেকর্ড ভেঙে এককভাবে আর্জেন্টিনার হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হবেন।
৭. ১০ গোলের মাইলফলকের সামনে
ফাইনালে দুই গোল করতে পারলে মেসির গোলসংখ্যা দাঁড়াবে ১০। সেক্ষেত্রে তিনি বিশ্বকাপের এক আসরে ১০ বা তার বেশি গোল করা ইতিহাসের চতুর্থ ফুটবলার এবং ইউরোপের বাইরে প্রথম খেলোয়াড় হবেন। তার আগে এ কীর্তি গড়েছেন জাস্ট ফঁতেন (১৩), স্যান্ডর কোসিস (১১) ও গার্ড মুলার (১০)।
৮. দুই ভিন্ন ফাইনালে গোল করা ষষ্ঠ ফুটবলার
২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবার স্পেনের বিপক্ষেও গোল করতে পারলে তিনি দুই ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা বিশ্বের ষষ্ঠ ফুটবলার হবেন। এ তালিকায় রয়েছেন ভাভা, পেলে, পল ব্রাইটনার, জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পে।
৯. বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড
আর্জেন্টিনা যদি শিরোপা জেতে এবং মেসি ফাইনালে গোল করেন, তবে তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বেন। বর্তমানে এ রেকর্ড ব্রাজিলের রোনালদোর, যিনি ২০০২ বিশ্বকাপে আট গোল করেছিলেন।
১০. বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড
২০২২ সালের ফাইনালে মেসির ছিল দুই গোল। এবার আরও দুই গোল করলে তিনি কিলিয়ান এমবাপ্পের চার গোলের রেকর্ড স্পর্শ করবেন। আর হ্যাটট্রিক করতে পারলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ পাঁচ গোলের একক মালিক হয়ে যাবেন।
১১. টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাস
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দেশ, যারা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পেরেছে। এর আগে এ কীর্তি গড়েছে শুধু ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। সেসঙ্গে ৩৯ বছর বয়সে মেসি হয়ে উঠবেন টানা দুই বিশ্বকাপ জয়ী সবচেয়ে বয়স্ক ফুটবলার।