Image description

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দলে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে জয় পাওয়া সেই একই শুরুর একাদশ নিয়েই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নাহুয়েল মোলিনার জায়গায় গনসালো মন্তিয়েল কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলে নিকো গনসালেসকে নামানোর সিদ্ধান্ত নেননি আর্জেন্টিনা কোচ।

জাতীয় দলের কোচ হিসেবে চতুর্থবারের মতো একই শুরুর একাদশ অপরিবর্তিত রাখলেন স্কালোনি। এর আগে, ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে, ২০২৩ সালে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং ২০২৪ কোপা আমেরিকাতেও একই একাদশে আস্থা রেখেছিলেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফলে মেসিদের জন্য ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট নয়, বিশ্বকাপ ধরে রাখার পথেও বড় পরীক্ষা।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আরদন জাশারি। তার জায়গায় মাঝমাঠে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

তবে দলের অন্যতম সেরা গোলদাতা জোহান মানজাম্বি আবারও একাদশে নেই। হাঁটুর চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ম্যাচের আগে ইয়াকিন নিশ্চিত করেছিলেন, আর্জেন্টিনার বিপক্ষেও তাকে পাওয়া যাবে না।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ড একাদশ: গ্রেগর কোবেল; ডেনিস জাকারিয়া, ম্যানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ; গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো; ফাবিয়ান রিডার, দান এনডয়ে, ব্রিল এমবোলো।