Image description

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও এখনো পেরোয়নি স্পেন। সামনে বেলজিয়ামের কঠিন পরীক্ষা। তবে গাভির স্বপ্ন চলে গেছে আরও দূরে, একেবারে শিরোপার মঞ্চে। সেখানে লিওনেল মেসির আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে চান স্পেনের এই মিডফিল্ডার। শুধু তা-ই নয়, বাইসাইকেল কিকে জয়সূচক গোল করার স্বপ্নও দেখছেন তিনি।

 

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে লস অ্যাঞ্জেলেসে সংবাদ সম্মেলনে এসেছিলেন গাভি। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে নিজের স্বপ্নের কথা জানান বার্সেলোনা তারকা।

 

গাভি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। শিরোপা জেতানো গোল করার স্বপ্ন দেখি। বিশ্বকাপ ফাইনালে বাইসাইকেল কিকে গোল করার স্বপ্ন আমার অনেক দিনের। প্রতিপক্ষ হিসেবে মেসির কারণে আর্জেন্টিনাকে চাই। তবে আমরা ফাইনালে উঠতে পারলেই আমি খুশি, প্রতিপক্ষ যে-ই হোক।’

 

বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি খেলার সুযোগ পাননি গাভি। স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও পরের ম্যাচগুলোয় তার ভূমিকা ছিল সীমিত। তবে সেটি নিয়ে প্রকাশ্যে কোনো অসন্তোষ দেখাননি তিনি। বরং দলের ঐক্যকেই স্পেনের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন।

 

গাভির ভাষায়, কে খেলছেন আর কে বেঞ্চে থাকছেন, সেটির চেয়ে সবার লক্ষ্য পরিষ্কার থাকা বেশি গুরুত্বপূর্ণ। যারা মাঠে নামেন না, তারাও নানাভাবে দলকে ম্যাচ জিততে সাহায্য করেন। ব্যক্তিগত সুযোগের চেয়ে দেশের হয়ে বিশ্বকাপ জয়ই তার কাছে বড়।

 

স্পেনকে অন্যতম শিরোপাপ্রত্যাশী বলা হলেও সেই আলোচনা এড়িয়ে গেছেন গাভি। তার মতে, বেলজিয়ামের দলে অসাধারণ ফুটবলার রয়েছেন। তাই সেমিফাইনাল বা ফাইনালের হিসাব করার আগে কোয়ার্টার ফাইনালে নিজেদের কাজ ঠিকভাবে করতে হবে।

 

সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স ও মরক্কোর মধ্যে কাকে চান, এমন প্রশ্নে মরক্কোর নাম বলেছিলেন গাভি। কারণ ২০২২ কাতার বিশ্বকাপে স্পেনকে বিদায় করেছিল আফ্রিকার দলটি। তবে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। ফলে বেলজিয়াম বাধা পেরোতে পারলে স্পেনের সামনে অপেক্ষা করবে কিলিয়ান এমবাপ্পের দল।

 

আর আর্জেন্টিনার সঙ্গে গাভির সেই স্বপ্নের ফাইনাল হতে হলে দুই দলকেই পেরোতে হবে আরও দুটি করে কঠিন ধাপ।