Image description

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে তিনি বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় যান। সেখানে জামায়াতের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাঁদের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের সময়। তিনি বলেন, ‘আমরা জানি, এটি অনেক বড় প্রকল্প। বাস্তবায়নে সময় লাগবে। কিন্তু আন্তরিকতার সঙ্গে কাজ করলে সেই অগ্রগতি দৃশ্যমান হওয়া উচিত। জনগণ সেটিই দেখতে চায়।’

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। কিন্তু সামান্য বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। মানুষের দুর্ভোগ বাড়ে।’

জনগণের সমস্যাগুলো সরকারের নজরে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব উল্লেখ করে জামায়াত আমিরে বলেন, ‘আমরা সেই দায়িত্ব পালন করছি। একই সঙ্গে আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। আজ বাঁশখালীতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি।’