কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, পুরো ১২০ মিনিটে কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল এবং তার দল প্রতিপক্ষের ওপর কার্যকর চাপ তৈরি করতে পারেনি।
ম্যাচ শেষে মেসি বলেন, “কেপ ভার্দে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছে এবং এই দলটি বহুদিন ধরেই নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার প্রমাণ দিয়ে আসছে।”
তিনি জানান, এই ম্যাচে আর্জেন্টিনা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছে, যা আগে ঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না। তার মতে, বড় প্রতিযোগিতায় সেট পিস থেকে গোল আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে দল দীর্ঘদিন ধরেই অনুশীলন করে আসছে।
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “দলের কয়েকজন খেলোয়াড় হেড ও আকাশে ভাসা বল নিয়ন্ত্রণে দক্ষ। সেই সক্ষমতার ফলই এই ম্যাচে পাওয়া গেছে।”
সামনে আরও কঠিন ম্যাচে এই দিকটি বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
তবে নিজেদের খেলার বেশ কিছু দুর্বলতাও তুলে ধরেছেন মেসি। তার ভাষ্য, আর্জেন্টিনা প্রতিপক্ষের ডিফেন্সে কাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পারেনি। মাঝমাঠ ও রক্ষণভাগের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ায় কেপ ভার্দের সেন্ট্রাল ব্যাকদের চাপে রাখা সম্ভব হয়নি। ফলে দল ছন্দ হারিয়ে ফেলে এবং রক্ষণে বারবার সমস্যায় পড়ে।
মেসি বলেন, অনেক সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা অগোছালো অবস্থানে ছিল। এ কারণে কেপ ভার্দে প্রায়ই একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পেয়েছে। এমনকি বলের দখলে না থাকলেও তারা আর্জেন্টিনাকে সারাক্ষণ দৌড়ের ওপর রেখেছে। কারণ কার্যকর প্রেসিং গড়ে তুলতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
তিনি আরও বলেন, “ম্যাচটি সহজ হবে না—এটি আগে থেকেই জানা ছিল। কারণ কেপ ভার্দে সম্প্রতি স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও পরাজিত হয়নি। প্রথম গোল করার পর আর্জেন্টিনা ভেবেছিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসবে। কিন্তু বাস্তবে উল্টোটা হয়েছে। দল বলের দখল হারিয়েছে, রক্ষণাত্মক হয়ে পড়েছে এবং কাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।”
তবুও ইতিবাচক দিকও দেখছেন মেসি। তার মতে, এই বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছে। কেপ ভার্দেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
মেসি বলেন, “আর্জেন্টিনা সবসময় সর্বোচ্চ চেষ্টা করে, খেলা ভালো হোক বা খারাপ। এখন দলের প্রধান লক্ষ্য বিশ্রাম নিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেয়া। একই সঙ্গে এই ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রেখে ভুলগুলো দ্রুত শুধরে নেয়ার ওপর জোর দেন তিনি।
শীর্ষনিউজ