Image description

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানী তেহরান। গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে জড়ো হওয়া হাজারো শোকাহত মানুষ ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার হাতে নিয়ে বিপুলসংখ্যক মানুষ খামেনির মরদেহবাহী কফিনের অপেক্ষায় কমপ্লেক্সের প্রাঙ্গণে অবস্থান করছেন।

এর আগে সকালে তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে বিপুলসংখ্যক মানুষকে জড়ো হতে দেখা যায়। দ্রুতগতির এই গণপরিবহন চালু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা, যাতে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছাতে পারেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, অনেক শোকাহত মানুষকে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে দেখা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শেষকৃত্যে যোগ দিতে তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন খোলার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ।