Image description

বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বাঁচা-মরার সেই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না উরুগুয়ে। ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, এই জয়ে গ্রুপ ‘এইচ’ চ্যাম্পিয়ন হয়েই দাপটের সাথে শেষ বত্রিশে পা রাখল স্পেন।

গুয়াদালাহারায় ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় উরুগুয়ের রক্ষণভাগ। প্রথমার্ধের শেষ দিকে সেই চাপই এনে দেয় কাঙ্ক্ষিত গোল। ৪২তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন আলেক্স বায়েনা। বল কেড়ে নিয়ে সহজেই জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচের একমাত্র গোলেই এগিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল।

মুসলেরার সেই ভুল এতটাই হতাশ করেছিল কোচ মার্সেলো বিয়েলসাকে যে বিরতির পরই গোলরক্ষককে তুলে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন তিনি। দ্বিতীয়ার্ধে কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবল খেললেও স্পেনের সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে।

শেষ দিকে হতাশা আরও প্রকট হয়ে ওঠে উরুগুয়ের খেলায়। ম্যাচের শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ফরোয়ার্ড আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে আক্রমণাত্মক আচরণও করেন তিনি। ফিফার শাস্তিমূলক ব্যবস্থার মুখেও পড়তে পারেন এই উরুগুয়েন ফুটবলার।

এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তিন ম্যাচে একটি গোলও হজম করেনি ইউরোপের দলটি। অন্যদিকে এক পয়েন্ট নিয়েই বিশ্বকাপ শেষ করতে হলো উরুগুয়েকে। ২০২২ কাতার বিশ্বকাপের পর এবারও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল লাতিন আমেরিকার অন্যতম সফল দলটি।

উরুগুয়ের বিদায়ের দিনে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই গ্রুপ রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।