Image description

প্রায় তিন বছর পর ফের ব্রাজিলের জার্সিতে, সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার জুনিয়র।

ম্যাচ শেষে তিনি জানান, প্রত্যাবর্তনের মুহূর্তে প্রবল স্নায়ুচাপে ছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে সম্পন্ন হওয়ায় নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন।

গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে থাকার সময় ৭৬তম মিনিটে মাঠে নামেন ব্রাজিলিয়ান নাম্বার টেন।

অল্প সময় মাঠে থাকলেও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন নেইমার। দৌড়ে খেলেছেন, ভালো জায়গা থেকে কাট ইন করে একটি শট নিয়েছেন এবং দুটি কর্নার কিকও নিয়েছেন। তবে বল রিসিভ করা, প্রতিপক্ষের প্রেস সামলানো এবং পাসিংয়ে তার স্বাভাবিক ক্ষিপ্রতা পুরোপুরি দেখা যায়নি।

ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানিয়ে নেইমার বলেন, আমার হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল। খুব স্নায়ুচাপ অনুভব করছিলাম। তবে শেষ পর্যন্ত আমি খুশি, গর্বিত। সবকিছু ঠিকঠাক গেছে।

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলের হাইতির বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে ছিলেন না নেইমার। সে সময় তিনি একাই ফিটনেস নিয়ে কাজ করছিলেন। পরে স্কটল্যান্ড ম্যাচের আগে দলীয় ক্যাম্পে যোগ দিয়ে তিন দিন অনুশীলনের পর প্রায় তিন বছর পর আবার জাতীয় দলের জার্সি গায়ে তোলেন।

প্রত্যাবর্তনের পর তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে আত্মবিশ্বাসী কণ্ঠে নেইমার বলেন, শতভাগ ফিট, শতভাগ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বার্তাও শেয়ার করেন নেইমার। সেখানে তিনি লেখেন, ‘মনে রেখো, তুমি কে।’

পরে জানা যায়, গত জুনে কার রেসার লুইস হ্যামিলটন নিজের প্রথম মৌসুমে কঠিন সময় পার করার সময় একই বার্তা দিয়েছিলেন। সেই অনুপ্রেরণামূলক বাক্যই এবার অনুসরণ করলেন নেইমার।