Image description

পবিত্র আশুরা ও কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার কিছু সময় পর শুরু হওয়া এ মিছিলে শত শত শোকাহত মানুষ অংশ নেন। কালো পোশাক পরিহিত অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনি দিতে দিতে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মাতম করেন। শোকাবহ পরিবেশে তারা ইমাম হোসেন (রা.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম তাজিয়া মিছিলে

তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী সৈয়দ রেজা বলেন, ‘কারবালার ঘটনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথানত না করার শিক্ষা দেয়। ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনির মধ্য দিয়ে আমরা সেই আত্মত্যাগের স্মৃতি ধারণ করি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’

 

আরেকজন মুহাম্মদ হোসেন রাজ বলেন, ‘পবিত্র আশুরা আমাদের জন্য শোকের পাশাপাশি সত্য, ন্যায় ও ত্যাগের শিক্ষা বহন করে। প্রতি বছর আমরা কারবালার শহীদদের স্মরণে এই তাজিয়া মিছিলে অংশ নিই এবং ইমাম হোসেন (আ.)-এর আদর্শকে ধারণ করি। আমরা সেই ভয়াবহ দিনটির কথা মনেপ্রাণে স্মরণ করি। সেই আত্মত্যাগ ভুলার মতো নয়। শুধু শিয়া সম্প্রদায় নয়, সুন্নি মুসলিমদের অনেকেই আমাদের মিছিলে অংশ নেয়।’

এদিকে মিছিল কেন্দ্র করে রাজধানীর ওই এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র‍্যাব, সোয়াতসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে লালবাগ, আজিমপুর ও নিউমার্কেট হয়ে ধানমন্ডিতে শেষ হওয়ার কথা রয়েছে। এসময় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যদেরও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে এই তাজিয়া মিছিল আয়োজন করে।