Image description

প্রথমার্ধে জোড়া গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন ব্রায়ান ব্রবি। বিরতির পর সেই ধারাবাহিকতা ধরে রেখে সুইডেনের রক্ষণভাগে আরও চাপ বাড়ায় ডাচরা। আর আক্রমণের নেতৃত্বে ছিলেন কোডি গাকপো।

দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোল করার পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে নেদারল্যান্ডস। এরপর দুর্দান্ত এক আক্রমণ থেকে আবারও জালের দেখা পান গাকপো। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট কোনো সুযোগই দেয়নি সুইডেন গোলরক্ষককে। বল সোজা জড়িয়ে যায় জালে।

এর আগে, ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে নেদারল্যান্ডস, যার পুরস্কারও পেয়ে যায় খুব দ্রুত। পঞ্চম মিনিটে কোডি গাকপোর নিখুঁত ক্রস থেকে ছয় গজ বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান ব্রায়ান ব্রবি। আন্তর্জাতিক ফুটবলে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি ডাচরা। ১৭তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে আসা ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রসে আবারও ঠিক জায়গায় উপস্থিত ছিলেন ব্রবি। পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। মাত্র ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে নেদারল্যান্ডসকে দারুণ সুবিধাজনক অবস্থানে নিয়ে যান এই ফরোয়ার্ড।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সুইডেন। ৪৫তম মিনিটে গুস্তাফ লাগারবিয়েলকের হেডে বল জালে গেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর যোগ করা সময়ে ভিক্টর গিয়োকেরেসের ফ্রি-কিক ও ইয়াসিন আয়ারির দূরপাল্লার শট থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দুটি দুর্দান্ত সেভ করে ব্যবধান অক্ষুণ্ন রাখেন। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ডস।