শরীয়তপুর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং ও প্রচারণার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ফেস্টুন ও পোস্টার লাগানো হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মোল্লার উদ্যোগে এই প্রচারণা চালানো হয়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মীকেও পোস্টার লাগাতে দেখা যায়।
অভিযোগ উঠেছে, উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাশাপাশি আংগারিয়া পুলিশ ফাঁড়ি ও ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালেও এসব পোস্টার লাগানো হয়েছে।
এদিকে, পোস্টারিং কার্যক্রমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শরীয়তপুর-১ আসনের সাবেক এক সংসদ সদস্য। ভিডিওর ক্যাপশনে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেস্টুন ক্যাম্পেইন ও প্রচারণার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাধিক ঝটিকা মিছিল করেছেন। গত ২০ দিনে জেলা শহরের অন্তত ছয়টি স্থানে এবং এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার পাঁচটি স্থানে মিছিলের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিষয়টি আমরা অনলাইনে দেখে খোঁজ নিয়েছি। যার নামে পোস্টার লাগানো হয়েছে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং যিনি পোস্টার লাগিয়েছেন তিনি এই জেলার বাসিন্দা নন। তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।