Image description

নেইমারের বিশ্বকাপ শুরু আরও পিছিয়ে গেল। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে ব্রাজিল দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নিউ জার্সিতেই থাকবেন এই ফরোয়ার্ড। সেখানেই পুনর্বাসনের শেষ ধাপ চালিয়ে যাবেন তিনি।

 

ব্রাজিলের বিবৃতিতে বলা হয়েছে, নেইমার ফিলাডেলফিয়ায় দলের সঙ্গে ভ্রমণ করবেন না। নিউ জার্সির দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের সুবিধা ব্যবহার করে তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। অর্থাৎ তাঁকে নিয়ে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চায় না ব্রাজিল।

 

বিশ্বকাপের আগে থেকেই ডান পায়ের কাফ ইনজুরিতে ভুগছেন নেইমার। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তিনি খেলেননি। কয়েক দিন আগে দলের সঙ্গে আংশিক অনুশীলনে ফিরলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। শুরুতে ধারণা করা হয়েছিল, হাইতির বিপক্ষে অন্তত বেঞ্চে থাকতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের মেডিকেল স্টাফ ও টিম ম্যানেজমেন্ট তাঁকে নিউ জার্সিতে রেখে পুনর্বাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এটি নেইমারের বিশ্বকাপ যাত্রায় আরেকটি ধাক্কা। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এই বিশ্বকাপে তাঁর ফেরা নিয়ে বড় প্রত্যাশা ছিল। কিন্তু চোট কাটিয়ে মাঠে নামার সময় এখনো নিশ্চিত নয়। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা আছে।

 

ব্রাজিল মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করে বিশ্বকাপ শুরু করেছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচে ব্রাজিলের লক্ষ্য থাকবে দ্রুত ঘুরে দাঁড়ানো। তবে সেই চ্যালেঞ্জেও তাদের খেলতে হবে সবচেয়ে আলোচিত তারকা নেইমারকে ছাড়াই।