Image description

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। মাঠের লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তিদের ২-১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর গুয়াদালাহারার আকরন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি কেবল হার-জিতের জন্য নয়, বরং ফুটবলপ্রেমীদের মনে থাকবে মাঠের ভেতরের বেশ কিছু অদ্ভুত, চোখধাঁধানো এবং মজার ঘটনার জন্য।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচে তখনো কোনো গোল হয়নি। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় বল দখলের লড়াইয়ে চেক উইঙ্গার পাভেল সুলকের জার্সি টেনে ধরেন কোরিয়ান ডিফেন্ডার লি হান-বিওম। কোরিয়ান ডিফেন্ডারের টানের জোর এতটাই ছিল যে, সুলকের গায়ের জার্সিটি যেন কাগজের মতো মাঝখান থেকে ফালাফালা হয়ে ছিঁড়ে যায়!

বিশ্বকাপের মতো মঞ্চে জার্সির এমন ‘নড়বড়ে’ দশা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। প্রথমার্ধে কোরিয়ান অধিনায়ক ও মহাতারকা সন হিয়ুং-মিন একের পর এক আক্রমণ করেও চেক গোলরক্ষক মাতেজ কোভারের দেয়াল ভাঙতে পারেননি। অন্যদিকে, সদ্য সমাপ্ত বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের হয়ে ১৬ গোল করা চেক তারকা প্যাট্রিক শিকও কোরিয়ান ডিফেন্সে বোতলবন্দী ছিলেন। ফুটবল ম্যাচে কর্নার বা ফ্রি-কিক থেকে গোল হওয়া নিয়মিত ঘটনা হলেও থ্রো-ইন থেকে গোল হওয়ার দৃশ্য বেশ বিরল। ম্যাচের ৫৯ মিনিটে ঠিক এই কাণ্ডটিই ঘটিয়ে দেখায় চেক প্রজাতন্ত্র। চেক ডিফেন্ডার ভ্লাদিমির কুফাল সাইডলাইন থেকে এত জোরে এবং নিখুঁতভাবে থ্রো-ইন করেন যে, বল সরাসরি চলে যায় কোরিয়ার ছয় গজ বক্সের ভেতর। সেখানে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে জড়ান লাদিস্লাভ ক্রেইচি। ফুটবল আইনে থ্রো-ইনে কোনো অফসাইড না থাকায় রেফারির বাঁশিতে ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি।

এর মাত্র ৮ মিনিট পর দেখা যায় ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি। ৬৭ মিনিটে পিএসজি তারকা লি কাং-ইনের পাস থেকে ডি-বক্সে বল পান হোয়াং ইন-বিওম। ঠান্ডা মাথায় পায়ের জাদুতে চেক ডিফেন্ডার ও গোলরক্ষক কোভারকে বোকা বানিয়ে আলতো চিপে বল পাঠান জালে। গোলটি এতটাই শৈল্পিক ছিল যে ধারাভাষ্যকারেরা চিৎকার করে ওঠেন ‘এ তো একদম দি মারিয়ার মতো গোল!’ আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার আনহেল দি মারিয়া যেভাবে ক্যারিয়ারজুড়ে চিপ শটে গোল করেছেন, হোয়াংয়ের ফিনিশিংয়ে ছিল সেটার ছোঁয়া।

আগামী ১৮ জুন আতলান্তায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। আর একই দিনে গুয়াদালাহারায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।