ফুটবল বিশ্বকাপ আর ব্রাজিল যেন অবিচ্ছেদ্য দুটি নাম। বৈশ্বিক টুর্নামেন্টের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল তারা এবং সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন হিসেবেও অনন্য অবস্থান ব্রাজিলের। তবে এই গৌরবোজ্জ্বল ইতিহাসের আড়ালে রয়েছে এক বিব্রতকর অধ্যায়ও।
নান্দনিক ফুটবলের জন্য বিখ্যাত হলেও বিশ্বমঞ্চের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডটি ব্রাজিলের দখলে। এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ১১ বার লাল কার্ড দেখেছেন সেলেসাওরা।
এই তালিকায় ব্রাজিল শীর্ষে থাকলেও খুব একটা পিছিয়ে নেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি লাল কার্ড দেখেছেন লে আলবিসেলেস্তেরা। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ে ও ক্যামেরুনের ফুটবলাররা সমান ৯ বার করে লাল কার্ড দেখেছেন।
অন্যদিকে হলুদ কার্ডের হিসাবে সবাইকে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মোট ১২৩টি হলুদ কার্ড পেয়েছেন দেশটির খেলোয়াড়রা। এর মধ্যে শুধু ২০২২ কাতার বিশ্বকাপেই তাদের নামে সর্বোচ্চ ১৭টি হলুদ কার্ড ছিল। এই তালিকায় দুই নম্বরে অবস্থান জার্মানির, তাদের হলুদ কার্ডের সংখ্যা ১২১। ১১৪টি হলুদ কার্ড নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছে ব্রাজিল।
এক্ষেত্রে লাল ও হলুদ কার্ড মিলিয়ে মোট শাস্তিমূলক কার্ডের হিসেবে এগিয়ে থাকছে আর্জেন্টিনা। তাদের মোট কার্ড সংখ্যা ১৩৩টি। আর ব্রাজিলের ১২৫টি।