১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার বিকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সংসদ অধিবেশনে সরকারপ্রধান বলেছেন, ‘পর্যায়ক্রমে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় ই-হেলথ কার্ড সেবা প্রদান করা হবে। এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
এই ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে বলে জানিয়েছেন তারেক রহমান।
এদিন সংসদ অধিবেশনে সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেগুলো হলো— এক. পাইলটিং পর্যায়ে ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান।
দুই. প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৮ বিভাগের ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড প্রদান এবং শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ।
তিন. ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা প্রদান।
চার. পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৬৬টি খাল খনন-পুনঃখনন কার্যক্রম পরিচালনা।
পাঁচ. ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বর্ষা মৌসুমে ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের প্রস্তুতি।
ছয়. আগামী অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা এবং বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন।
সাত. ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা এবং জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই সার্টিফিকেট অফ ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ প্রদান।
আট. ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
নয়. ১২-১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।