Image description

ব্রাজিল ফুটবল দলের তরুণ উইঙ্গার ওয়েসলি ভিনিসিয়াসের জন্য এলো দুঃসংবাদ। ইনজুরির কারণে তিনি আর আসন্ন ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবেন না তিনি। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল তার।

মিশরের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মেডিকেল পরীক্ষা-নিরীক্ষায় ওয়েসলির উরুর ভেতরের পেশিতে (অ্যাডাক্টর) ইনজুরি ধরা পড়ে। এরপর তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে তার পরিবর্তে এডারসনকে দলে অন্তর্ভুক্ত করেছে ব্রাজিল।

এ সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরির পর তিনি আশা প্রকাশ করেছিলেন যে চোটটি গুরুতর হবে না এবং ওয়েসলি দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে থাকতে পারবেন। তবে পরীক্ষার ফল সেই আশায় পানি ঢেলে দিয়েছে।

চোটের খবর প্রকাশের আগে আনচেলত্তি বলেছিলেন, আমি আশা করি বিষয়টি গুরুতর নয়। সে প্রয়োজনীয় চিকিৎসা পাবে এবং আমাদের সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পারবে। তবে যদি চোটটি গুরুতর হয়, তাহলে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

ওয়েসলির পুনর্বাসন ও মাঠে ফিরতে কত সময় লাগবে, সে বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। তবে আপাতত বিশ্বকাপ মঞ্চে তার অভিষেক দেখার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

মাত্র কয়েক দিনের ব্যবধানে বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পাওয়ার আনন্দ থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার হতাশায় ডুবে গেলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তার এই অনুপস্থিতি ব্রাজিল দলের পাশাপাশি ক্লাব রোমার জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।