বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম ইকবাল

TOB
Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ক্যাটাগরি-২ তে নিজের ভোট দিয়েছেন এড হক কমিটির সভাপতি তামিম ইকবাল। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক এই অধিনায়ক, একইসাথে লড়ছেন পরিচালক পদেও।

তামিম ছাড়াও ভোট দিয়েছেন বিসিবির এড হক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনও ভোট দিয়েছেন বিসিবি কার্যালয়ে।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে সর্বশেষ নির্বাচনে কারচুপি, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের আনিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর সেই বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিমকে সভাপতি করে ১১ সদস্যের এড হক কমিটিও গঠন করে দেয় এনএসসি। সেই ধারাবাহিকতায় তামিমদের প্রধান দায়িত্ব ছিল দ্রততম সময়ে নির্বাচন দেয়া।

নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বিসিবির নির্বাচন। যদিও এড হক কমিটি ও নির্বাচনের তিন ক্যাটাগরিতে রাজনৈতিক ও সরকারি দল সংশ্লিষ্ট লোকজন থাকায় প্রশ্ন উঠেছে তামিমদের বিরুদ্ধে। যেখানে আছেন সরকার দলীয় মন্ত্রী-নেতাদের পুত্র থেকে শুরু করে আত্নীয়-স্বজনরাও।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ঘোষিত হবে ফলাফল। যদিও ক্যাটাগরি-১ অর্থাৎ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাত জন। ঢাকা বিভাগ থেকে কোনো প্রতিন্দ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হচ্ছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন।  ভোটের আনুষ্ঠানিকতা বাকি আছে কেবল দুটি বিভাগে, খুলনা ও বরিশাল। চট্টগ্রাম বিভাগ থেকেও নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন চৌধুরী ও মিনহাজুল আবেদীন নান্নু। ভোটের লড়াই হবে খুলনা বিভাগে দুটি পরিচালক পদের জন্য, লড়বেন তিন জন। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হবেন এক পরিচালক, প্রতিদ্বন্দ্বী দুই জন।

ক্যাটাগরি-২, অর্থাৎ ঢাকা মেট্রোপলিসের ক্লাব কোটা থেকে  ১২টি পরিচালকের পদে নির্বাচনে লড়বেন ১৬ জন ক্লাব প্রতিনিধি। এই ক্যাটাগরিতে স্বচ্ছ নির্বাচনের ইংগিত মিললেও লড়ার মতো হেভিওয়েট প্রার্থীও নেই। বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম-সহ ৭ জন লড়ছেন ক্যাটাগরি-২তে। যাদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সরকারী দলের সাথে সম্পর্কিত।

ক্লাব কোটা থেকে  আবাহনী ও মোহামেডানের কাউন্সিলর ফাহিম সিনহা ও মাসুদুজ্জামানের পরিচালক হওয়া প্রায় নিশ্চিত। ওল্ড ডিওএইচএস থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু,  এছাড়া সাবেক পরিচালক শানিয়ান তানিম ও সাঈম ইব্রাহীম আহমেদের জয়ও কেবল সময়ের অপেক্ষা। বাকি দুই পরিচালক পদের জন্য আমজাদ হোসেন, সাকিফ আহমেদ সালাম ও ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের মধ্যে হতে পারে ভোটের লড়াই।

আর ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন জমা দেয়ার পর প্রার্থীতা চূড়ান্ত হবার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এই ক্যাটাগরিতে তিনি ছাড়া আর কেউই মনোনয়ন জমা দেননি। সব মিলিয়ে এবার ই-ভোটের জন্য আবেদন পড়েছে ৩৯টি। মূলত যারা নির্বাচনী কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন না, তাদের জন্যই এই ই-ব্যালটের আয়োজন।

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে একজন। যদিও শেষ ক্যাটাগরিতে বাকি দুইজন আসবেন এনএসসি মনোনীত হয়ে।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder