Image description

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফয়লা হাটে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তার সঙ্গে ছিলেন রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুন অর রশিদ এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাঈদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের পাশে একটি গরু মারা যাওয়ার পর হারুন ও ইয়ামিন সেটি জবাই করে মাংস বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। মাংস থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ক্রেতাদের সন্দেহ হয়। স্থানীয় প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ফয়লা হাটে পচা গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা পচা মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।