Image description

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্প শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ট্রফি ধরে রাখার মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে ফুটবলভক্তদের জন্য উদ্বেগের খবর হলো, এই ম্যাচগুলোতে দলের মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচে চোট পাওয়ার পর বর্তমানে দলের সঙ্গে যোগ দিলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
গত ২৪ মে মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চোট পান মেসি। বর্তমানে আর্জেন্টিনা শিবিরের মেডিকেল টিমের কড়া নজরদারিতে রয়েছেন। দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের নিবিড় তত্ত্বাবধানে তার সতর্ক পুনর্বাসন কার্যক্রম চলছে। অনুশীলনে তাকে কিছুটা স্বাভাবিক মনে হলেও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। ফলে মূল দলের বাইরে একা একাই ‘বিশেষ ব্যায়াম’ ও কন্ডিশনিং করে সময় পার করছেন এই তারকা।
আর্জেন্টিনা শিবিরের প্রধান লক্ষ্য হলো, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে অধিনায়ককে যেন শতভাগ ফিট অবস্থায় পাওয়া যায়। তাই হুট করে কোনো ঝুঁকি না নিয়ে আসন্ন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে মেসিকে মাঠের বাইরে রেখেই একাদশ সাজানোর পরিকল্পনা করছেন স্কালোনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে খেলোয়াড়দের চোটের আপডেট জানিয়ে বলেছে, ‘দলের যেসব ফুটবলার ছোটখাটো সমস্যা ও চোটের সঙ্গে লড়ছেন, তারা বর্তমানে ফিজিওথেরাপি দলের অধীনে কাজ করছেন। তাদের সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে বলা হয়েছে এবং তাদের উন্নতির প্রক্রিয়াও দারুণ সন্তোষজনক।’

বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে ৩ নম্বরে থাকা আর্জেন্টিনা আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচেও স্কালোনি তার স্কোয়াডের অন্যান্য চোটাক্রান্ত খেলোয়াড়দের বিশ্রামে রেখে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে পারেন।
পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর এবং যুক্তরাষ্ট্রের এমএলএস-এ দুবার মৌসুমসেরার পুরস্কার জেতা লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ আসরে নামার অপেক্ষায় আছেন। ইতোমধ্যে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) এবং সর্বোচ্চ গোলদাতার (১১৬) রেকর্ড নিজের করে রেখেছেন ২০০৫ সালে অভিষেক হওয়া এই মহাতারকা। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের মূল লড়াইয়ের আগে হ্যামস্ট্রিংয়ের এই চোট কাটিয়ে তিনি কতটা দ্রুত মাঠে ফিরতে পারেন।