Image description

সর্দার আজমুনকে ছাড়াই বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। সোমবার ঘোষিত দলে অভিজ্ঞ ফরোয়ার্ড মেহদি তারেমি ও আলিরেজা জাহানবখশকে রেখেছেন কোচ আমির ঘালেনোই। তবে প্রাথমিক দলে জায়গা না পাওয়া আজমুন শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও ফিরতে পারেননি।

 

ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুনের বাদ পড়া দল ঘোষণার সবচেয়ে বড় আলোচনার বিষয়। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলা এই ফরোয়ার্ড মার্চের দলেও ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারের প্রতি ‘আনুগত্যহীনতা’ হিসেবে দেখা হয়েছে এমন এক ঘটনার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

 

আজমুনকে ফেরানোর পক্ষে প্রকাশ্যে মত দিয়েছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদোলকারিম হোসেইনজাদেহ। তবে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার পরও কোচ ঘালেনোই তাকে বিশ্বকাপ দলে ফেরাননি।

 

আজমুন না থাকায় আক্রমণভাগে ইরানের সবচেয়ে বড় ভরসা ৩৩ বছর বয়সি তারেমি। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলা এই ফরোয়ার্ডের সঙ্গে আক্রমণে থাকবেন সাবেক ব্রাইটন উইঙ্গার জাহানবখশ। অভিজ্ঞতার সঙ্গে দলে রাখা হয়েছে আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ ও শাহরিয়ার মোগানলুকেও।

 

এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার পর ইরান নিজেদের বেসক্যাম্প সরিয়ে নিয়েছে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়। আগে তাদের ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। ফিফার অনুমোদন পাওয়ার পর সেটি পরিবর্তন করা হয়েছে।

 

তবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। একই শহরে ২১ জুন প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

 

ইরানের বিশ্বকাপ দল

 

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সেয়েদ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

 

ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেইন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলী নেমাতি, রামিন রেজায়িয়ান।

 

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহি, মেহদি গায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি।

 

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, মেহদি তারেমি, শাহরিয়ার মোগানলু।