যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ইতিহাসের ‘সবচেয়ে বড়’ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর, যেখানে ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ।
ফুটবল বিশ্বের চোখ এখন এমন পাঁচটি ঐতিহাসিক রেকর্ডের দিকে, যেগুলো বিশ্বকাপ ২০২৬-এ নতুন করে লেখা হতে পারে।
১. গোলবন্যার বিশ্বকাপ?
একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড বর্তমানে ২০২২ কাতার বিশ্বকাপের দখলে। সেই আসরে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল।
কিন্তু এবার ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। অর্থাৎ আগের চেয়ে ৪০টি বেশি ম্যাচ। এমনকি যদি প্রতি ম্যাচে গোলের গড় ২০১০ বিশ্বকাপের মতো কমও থাকে, তবুও ১৭২ গোলের রেকর্ড অতিক্রম হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অনেকের ধারণা, এবার মোট গোলের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।
২. প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ!
পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অংশ নিয়েছেন— আন্তোনিও কারবাহাল, লোথার ম্যাথাউস, রাফায়েল মার্কেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামতে পারলেই লিয়নেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও গুইলার্মো ওচোয়া ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন। ম্যাচে এক সেকেন্ডের জন্যও মাঠে নামলেই এই কীর্তি তাদের নামে লেখা হবে।
৩. ক্লোসার গোলের সিংহাসন কি টিকবে?
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোসাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে তিনি করেছেন ১৬ গোল।
৪. সবচেয়ে বেশি একক ম্যাচ জয়ের রেকর্ড
শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ক্লোসার দখলে। জার্মান কিংবদন্তি ১৭টি ম্যাচ জিতেছেন।
অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ১৬টি জয়। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্বেই অন্তত দুটি ম্যাচ জেতে, তাহলে মেসি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যেতে পারেন।
৫. কোচদের রেকর্ড বইয়ে নতুন রাজা?
পশ্চিম জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শন বিশ্বকাপে কোচ হিসেবে সর্বাধিক ১৬ ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছেন প্রায় অর্ধশতাব্দী ধরে। তবে এবার সেই রেকর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জার ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার বর্তমান জয়সংখ্যা ১৪।
ফ্রান্স যদি বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে, তাহলে তিনি রেকর্ডে সমতা আনবেন। আর তিনটি জয় পেলেই ৪৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।