Image description

কিংস্টনে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তাসকিন আহমেদ। গত বছর তিন ফরম্যাটের চুক্তিতে থাকলেও সাদা পোশাকে কোনো ম্যাচই খেলেননি। প্রায় দেড় বছর বিরতি দিয়ে ফের সাদা পোশাকের দলে ফিরেছেন তাসকিন আহমেদ। পাকিস্তান সিরিজে সাদা পোশাকের দলে ফেরা তাসকিন মাঠে নামতে মুখিয়ে আছেন। এমনটাই জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি অধিনায়কের বিশ্বাস পাকিস্তান সিরিজের আগে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন তাসকিন আহমেদ।

 

পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামার আগে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে তাসকিন আহমেদ। এ নিয়ে শান্ত বলেন, ‘প্রস্তুতি খুব ভালো নিয়েছে। আমার মনে হয় যে প্রস্তুতি নিয়েছে তা একটু কঠিন ছিল। যেহেতু আবহাওয়া খারাপ ছিল। কিন্তু ওর ওয়ার্কলোড বা যতটুকু বল করার প্রয়োজন ছিল ওই জায়গাটা ও করতে পেরেছে।’

 

ভালো প্রস্তুতি নেওয়া তাসকিন আহমেদ লম্বা সময় পর সাদা পোশাকে ফিরে কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে কিছু সংশয় আছে। তবে অধিনায়কের মতে অভিজ্ঞতায় মানিয়ে নিতে পারবেন তিনি।

শান্ত বলেন, ‘ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আমি খুশি। ফিজিও এবং ট্রেইনাররাও খুশি। তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। আশা করছি তাসকিন এই টেস্ট ম্যাচে ভালো বোলিং করতে পারবে।’

যতই সমস্যা থাকুক তাসকিন আহমেদ সব সময় টেস্ট খেলতে চায় বলেও জানান নাজমুল হোসেন শান্ত। সেই ‘প্রিয়’ জায়গায় ফিরে তাসকিন এখন কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা।