Image description

সকালের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশ এখনো মেঘে ঢেকে আছে, আর সেই সঙ্গে অনিশ্চয়তার ছায়াও নেমেছে সাগরিকার মাঠে। এমন আবহাওয়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। এমনকি ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা জেগেছে।

দুপুর দেড়টায় টস এবং দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে, বৃষ্টির কারণে দুটিই পিছিয়ে গেছে। এক্ষেত্রে যদি বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা যায়, তাহলে পূর্ণ ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব হবে। কিন্তু এর পর শুরু হলে ওভার কমাতে হবে।

ম্যাচ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বিকেল ৪টা ৫০ মিনিটে। সে সময় খেলা শুরু করা গেলে ৫টা ১৬ মিনিট থেকে ৫ ওভারের সংক্ষিপ্ত ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।