রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা এই বৃষ্টি রূপ নিয়েছে ভোগান্তিতে। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতাও। এমন বৃষ্টিপাত আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, চলমান এই বৃষ্টি আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী চার মে পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তিনি আরও জানান, দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘু চাপের কারণে আগাম মৌসুমি বৃষ্টি হয়। আগাম বৃষ্টি হওয়ায় এ সময়ের বৃষ্টিতে বজ্রপাত হবে, তাই সবচেয়ে সতর্ক থাকতে হবে।
এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।