Image description

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে পিএসএলের একাদশ আসরের ফাইনালে পৌঁছে গেছে পেশোয়ার জালমি। মঙ্গলবার রাতে করাচিতে অনুষ্ঠিত ম্যাচটিতে বাবরের সেঞ্চুরিতে ভর করে ২২১ রানের পাহাড় গড়েছিল পেশোয়ার। জবাবে ১৫১ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ।

গত ১৯ এপ্রিল পিএসএলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বাবর। ১০ দিনের মাঝেই আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বেশ কিছু অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটি ছিল বাবরের নবম সেঞ্চুরি, যা এই ফরম্যাটে যেকোনো অধিনায়কের জন্য সর্বোচ্চ। তিনি দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির (৮টি সেঞ্চুরি) রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছেন। এই রেকর্ডে ৫ সেঞ্চুরি নিয়ে ভারতের বিরাট কোহলি আছেন চতুর্থ স্থানে।

এছাড়া একটি নির্দিষ্ট দেশে সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডে বিরাট কোহলি ও অভিষেক শর্মার পাশে নাম লিখিয়েছেন বাবর। কোহলি ও অভিষেক ভারতের মাটিতে ৮টি করে সেঞ্চুরি করেছেন, বাবরও এখন পাকিস্তানের মাটিতে ৮টি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক। পিএসএল ইতিহাসে এটি ছিল বাবরের চতুর্থ সেঞ্চুরি, যা উসমান খানের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ।

চলতি আসরে এখন পর্যন্ত বাবরের সংগ্রহ ৫৮৮ রান। এর মাধ্যমে তিনি ২০২২ সালে ফখর জামানের গড়া এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছেন। ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘আমি অনুভব করছি যে নিজের সেরা ফর্মে ফিরছি। এখন সবকিছু সহজ রাখার চেষ্টা করছি এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখছি। পিএসএলের আগে যে কঠোর পরিশ্রম করেছি, তার ফল এখন পাচ্ছি।’

আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি। তাদের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের পর।