Image description

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের সেমিফাইনালে আজ প্যারিসে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফর্মে থাকা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়।

 

এই লড়াই ফুটবল বোদ্ধাদের কাছে শুধু সেমিফাইনালের প্রথম অধ্যায় নয়, ফাইনালের সম্ভাব্য ফেভারিট বেছে নেওয়ার ম্যাচও। এই টাইয়ের জয়ী দল মে মাসে বুদাপেস্টের ফাইনালে আর্সেনাল অথবা আটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে।

 

বায়ার্ন এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর একটি। এরই মধ্যে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে ভিনসেন্ট কোম্পানির দল, পৌঁছে গেছে জার্মান কাপের ফাইনালেও। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে শেষ চারে উঠেছে তারা।

 

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও ছন্দে আছে। লিগ ওয়ানে শীর্ষে থাকা লুইস এনরিকের দল ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে মোটামুটি অনায়াসেই বিদায় করেছে প্যারিসের ক্লাবটি। তবে বায়ার্নের বিপক্ষে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড পিএসজির জন্য সতর্কবার্তা। ইউরোপের এই প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে শেষ চার ম্যাচই হেরেছে তারা।

 

তবু আত্মবিশ্বাসের জায়গা আছে পিএসজিরও। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারিয়েছিল তারা। সেই স্মৃতি আজকের ম্যাচের আগে প্যারিসের দলকে মানসিকভাবে কিছুটা শক্তি দেবে।

 

গোলের সম্ভাবনাও কম নয়। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দুই দলই করেছে ৩৮টি করে গোল, যা প্রতিযোগিতায় অন্য যে কোনো দলের চেয়ে বেশি।

 

পিএসজির প্রস্তুতি

 

লিগ ওয়ানে অঁজেকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের প্রস্তুতি সেরে নিয়েছে পিএসজি। ওই ম্যাচে ওসমান দেম্বেলে, খভিচা কাভারাতস্কেলিয়া ও দেসিরে দুয়েকে বিশ্রাম দিয়েছিলেন লুইস এনরিকে। কঠিন সূচির মধ্যেও দলের প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি।

 

 

ভালো ছন্দেই আছে পিএসজি
ভালো ছন্দেই আছে পিএসজি

 

 

এনরিকের কাছে বড় বিষয় হলো সঠিক সময়ে সেরা দল নিয়ে মাঠে নামা। পিএসজি এখন ২৯ দিনের মধ্যে ৯ ম্যাচের ব্যস্ত সময় পার করছে। তবু স্প্যানিশ কোচের দাবি, এমন চাপই তার দল উপভোগ করে।

 

কেইননির্ভর বায়ার্ন

 

বায়ার্নের সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৫৩ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগায় রবার্ট লেভানডফস্কির এক মৌসুমে ৪১ গোলের রেকর্ড ভাঙার দৌড়েও ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বড় ম্যাচের কথা মাথায় রেখে কেইনকে লিগে খুব হিসেব করে ব্যবহার করেছেন কোম্পানি।

 

 

৩-০ তে পিছিয়ে থাকা ম্যাচ বায়ার্ন জিতেছে ৪-৩ এ
৩-০ তে পিছিয়ে থাকা ম্যাচ বায়ার্ন জিতেছে ৪-৩ এ

 

 

মাইনৎসের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচে বেঞ্চ থেকে নেমে বায়ার্নকে ৩ গোলের পিছিয়ে পড়া অবস্থা থেকে ৪-৩ জয়ে সাহায্য করেন কেইন। তবে তার চোখ এখন ব্যক্তিগত রেকর্ডে নয়, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপ জয়ে।

 

পিএসজিকে যথেষ্ট সম্মানই দিচ্ছেন কেইন। তার মতে, বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত হবে ছোট ছোট মুহূর্ত ও মানের পার্থক্যে।

 

ডাগআউটে থাকবেন না কোম্পানি

 

বায়ার্নের জন্য বড় ধাক্কা, প্রথম লেগে ডাগআউটে থাকতে পারবেন না কোচ ভিনসেন্ট কোম্পানি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে টুর্নামেন্টে তৃতীয় হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ তিনি। তার জায়গায় টাচলাইনে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস।

 

কোম্পানির অনুপস্থিতি নিয়ে কেইন বলেছেন, কোচকে সাইডলাইনে না পাওয়া অবশ্যই বড় ব্যাপার। তবে দলের সবাই জানে মাঠে তাদের কী করতে হবে।

 

কীভাবে সেমিফাইনালে এল দুই দল

 

কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে দেম্বেলের জোড়া গোলে ২-০ জয় পায় তারা।

 

বায়ার্নের পথ ছিল আরও নাটকীয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জেতে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় লেগে লুইস দিয়াস ও মাইকেল ওলিসের শেষ দিকের গোলে ৪-৩ জয় তুলে নেয় তারা।

 

মুখোমুখি পরিসংখ্যান

 

পিএসজি ও বায়ার্ন এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। আশ্চর্যের বিষয়, তাদের কোনো ম্যাচই ড্র হয়নি। বায়ার্ন জিতেছে ৯ ম্যাচে, পিএসজির জয় ৭টিতে।

 

 

শেষ বারের দেখায় জয় পেয়েছিল পিএসজি
শেষ বারের দেখায় জয় পেয়েছিল পিএসজি

 

 

শেষ পাঁচ দেখায় চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের আধিপত্য স্পষ্ট। গত নভেম্বরে প্যারিসে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। সেই ম্যাচে লুইস দিয়াস জোড়া গোল করলেও প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন। দ্বিতীয়ার্ধে জোয়াও নেভেস গোল করে পিএসজিকে ম্যাচে ফেরালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

 

স্কোয়াড নিউজ

 

পিএসজির জন্য বড় দুশ্চিন্তা ভিতিনহার ফিটনেস। গোড়ালির সমস্যায় তিনি অনিশ্চিত। কোয়েন্টিন এনজান্তুও চোটের কারণে নেই। লিভারপুলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দেসিরে দুয়ে ও নুনো মেন্দেস চোট নিয়ে মাঠ ছাড়লেও দুজনই অঁজের বিপক্ষে স্কোয়াডে ছিলেন, তাই বায়ার্নের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা আছে।

 

দুই মাসের হাঁটুর চোট কাটিয়ে ফাবিয়ান রুইজ অঁজের বিপক্ষে ৪৫ মিনিট খেলেছেন। বায়ার্নের বিপক্ষে তাকে একাদশে দেখা যেতে পারে।

 

পিএসজির সম্ভাব্য একাদশ:

 

সাফোনভ; হাকিমি, মারকিনিয়োস, পাচো, মেন্দেস; রুইজ, জাইরে-এমেরি, নেভেস; দুয়ে, দেম্বেলে, কাভারাতস্কেলিয়া।

 

অন্যদিকে বায়ার্ন পাচ্ছে না সার্জ নাব্রি, টম বিশফ ও স্ভেন উলরাইখকে। মাইনৎসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফায়েল গেরেইরোও ছিটকে গেছেন। তরুণ লেনার্ট কার্ল উরুর চোট কাটিয়ে প্রায় ফিট, তাকে স্কোয়াডে দেখা যেতে পারে।

 

বায়ার্নের সম্ভাব্য একাদশ:

 

নয়্যার; স্তানিসিচ, উপামেকানো, টাহ, লাইমার; পাভলোভিচ, কিমিখ; ওলিসে, মুসিয়ালা, দিয়াস; কেইন।

 

সব মিলিয়ে পার্ক দেস প্রিন্সেসে আজকের ম্যাচে আছে সব উপাদান। দুই দলের আক্রমণভাগ ভয়ংকর, মাঝমাঠে লড়াই হবে তীব্র, আর গোলপোস্টের দুই প্রান্তেও থাকবে আলাদা গল্প। প্রথম লেগেই যে ফাইনালের পথ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে, এমন ম্যাচই এটি।