ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝর জেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও মানবিকভাবে প্রশ্নবিদ্ধ ঘটনা। মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পেরে কবর খুঁড়ে তার কঙ্কাল তুলে ব্যাংকে হাজির হয়েছেন ভাই।
জানা গেছে, দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডার বোন কাঁকড়া মুন্ডা দুই মাস আগে মারা যান। পরিবারের একমাত্র সদস্য হিসেবে বোনের সম্পদের উত্তরাধিকারী হন জিতু। পরে তিনি জানতে পারেন, বোনের নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৯ হাজার ৩০০ টাকা জমা রয়েছে।
তবে ওই টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় আইনি কাগজপত্র, বিশেষ করে মৃত্যু সনদ জমা দিতে বলে। জিতু বারবার বোঝানোর চেষ্টা করলেও ব্যাংক তার কথা বিশ্বাস করেনি। আইনি প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান না থাকায় তিনি কোনো কাগজপত্রও সংগ্রহ করতে পারেননি।
এ অবস্থায় হতাশ হয়ে চরম পদক্ষেপ নেন জিতু। তিনি গ্রামের কবরস্থান থেকে বোনের কঙ্কাল তুলে কাপড়ে মুড়ে কয়েক কিলোমিটার হেঁটে ব্যাংকে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন, অনেকে ক্ষোভও প্রকাশ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিতুকে শান্ত করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যাংক চাইলে গ্রামে গিয়ে বা গ্রামপ্রধানের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে পারত। মানবাধিকার কর্মীরাও বলছেন, এই ঘটনা শুধু একজন ব্যক্তির অসহায়তার নয়, বরং প্রান্তিক মানুষের জন্য জটিল প্রশাসনিক ব্যবস্থার একটি প্রতিচ্ছবি।