দেশের ক্রিকেট ইতিহাসের নেতাদের নতুন করে সম্মানিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ এক আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনস কার্ড।
দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চিন্তা করছে বোর্ড।
এই ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেকরা। এ ছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম তার জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।
আজকের অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়করা একই ছাদের নিচে উপস্থিত হন। দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। তবে অনুপস্থিত ছিলেন মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে বিসিবি সভাপতিসহ অধিনায়কদের হাতে ক্যাপ্টেন কার্ড তুলে দেন এডহক কমিটির সদস্য সায়েদ ইব্রাহিম আহমেদ, রাশনা ইমাম, ফাহিম সিনহা। প্রত্যেক অধিনায়ককে তামিম নিজে ফোন করে দাওয়াত দিয়েছেন। এই তালিকায় সাকিব আল হাসান যেমন আছেন, আছেন মাশরাফি বিন মর্তুজাও।
সাবেক বিসিবি ও সাবেক অধিনায়ক অমিনুল ইসলাম বুলবুলকেও ফোন করার চেষ্টা করেছেন তামিম। অনুষ্ঠানে তামিম জানালেন, বুলবুলকে ফোন করতে গিয়ে দেখেন তাকে ব্লক করে রাখা হয়েছে।