চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা খেল লিভারপুল ও ফ্রান্স। অলরেডদের ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে গুরুতর অ্যাকিলিস ইনজুরিতে পড়েছেন, যার ফলে আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে যাচ্ছেন তিনি।
পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই এই দুর্ঘটনা ঘটে। মাত্র ২২ মিনিট খেলেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন একিতিকে। ব্যথায় কাতর হয়ে পড়া এই ফরোয়ার্ডের চোখে তখন ছিল হতাশা আর অশ্রু।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাঠেই নিজের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার শব্দ অনুভব করেছিলেন তিনি। পরবর্তী পরীক্ষায় চোটের মাত্রা নিশ্চিত করা হবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে ৯ থেকে ১২ মাস সময় লাগতে পারে।
এই ইনজুরি লিভারপুলের জন্য যেমন বড় ধাক্কা, তেমনি ফ্রান্স জাতীয় দলের জন্যও বড় ক্ষতি। ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ডকে আসন্ন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সম্ভাব্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
লিভারপুল কোচ আরনে স্লট ম্যাচ শেষে জানান, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। সতীর্থ ইব্রাহিমা কোনাতে বলেন, বিশ্বকাপের আগে এমন চোট একিতিকের জন্য খুবই কঠিন।
ক্লাব ইতোমধ্যে তার অস্ত্রোপচার ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
চলতি মৌসুমেই লিভারপুলে যোগ দেওয়া একিতিকে প্রথম বছরেই দারুণ ছাপ রেখেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল ও ৬ অ্যাসিস্ট করে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি।
তবে এই ইনজুরি তার ক্যারিয়ারের গতি আপাতত থামিয়ে দিল, আর বিশ্বকাপের স্বপ্নও ভেঙে গেল সময়ের আগেই।