চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর রেফারির সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
ইনজুরির কারণে এই ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি রাফিনিয়া। তবে দলের সঙ্গে সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।
ম্যাচে লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেসের গোলে বার্সেলোনা দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিল।
ম্যাচ শেষে নিজের ক্ষোভ উগরে দিয়ে রাফিনিয়া সরাসরি বলেন, ‘এটি স্রেফ ডাকাতি। রেফারির পরিচালনা নিয়ে অনেক সমস্যা ছিল এবং তিনি কিছু অবিশ্বাস্য সিদ্ধান্ত দিয়েছেন। আমি জানি না আতলেতিকো কতগুলো ফাউল করার পর একটা কার্ড দেখেছে!’
শুধু লাল কার্ড নয়, প্রথমার্ধে দানি ওলমোকে ফাউল করার পর পেনাল্টি না দেওয়া নিয়েও বার্সেলোনা শিবিরে চরম অসন্তোষ বিরাজ করছে।
রেফারিং নিয়ে বার্সেলোনার এই অসন্তোষ নতুন কিছু নয়। টানা দ্বিতীয় ম্যাচে তারা চ্যাম্পিয়নস লিগের রেফারিং নিয়ে প্রশ্ন তুলল। এর আগে উয়েফার কাছে ক্লাবটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলেও তা নাকচ করে দেওয়া হয়েছিল।
রাফিনিয়া আক্ষেপ করে বলেন, ‘ভুল করা মানুষের স্বভাব, কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তি মেনে নেওয়া যায় না। আমরা দুর্দান্ত খেলেছি, কিন্তু আমাদের থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে জেতার জন্য আমাদের এখন তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে।’