Image description

বরিশালের বানারীপাড়ায় চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন শ্রমিক দলের এক নেতা। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই শ্রমিক দল নেতার নাম জিয়া সরদার। তিনি বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত নাহার মেডিক্যাল হলের স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন জিয়া সরদার। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

 

পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলন জানান, গত প্রায় দুই বছরে বিভিন্ন সময়ে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার জোরপূর্বক তার কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে।

সব শেষ চাঁদা দাবির ঘটনায় টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধরের শিকার হতে হয়।

 

গুরুতর আহত অবস্থায় তাকে রবিবার রাত ৯টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্ত জিয়া সরদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত বিশারকান্দি ইউনিয়নে শ্রমিক দলের সভাপতি জিয়া সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের ভাইয়ের ছেলে গুরুতর অসুস্থ হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দিতে বলায় আমার নামে চাঁদাবাজি ও হামলার অভিযোগ আনা হয়েছে।