Image description

প্রখ্যাত চিকিৎসক ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গিয়ে এ আশ্বাস দেন তিনি।

যেকোনো প্রয়োজনে ডা. কামরুল ইসলামকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমান বিএনপি সরকার চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিএনপি ও যুবদলও এ ধরনের কর্মকাণ্ড নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ।

এরই মধ্যে সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

ডা. কামরুল হাসান এ সময় সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ত্বরিত ভূমিকায় কৃতজ্ঞতা জানান। যুবদলের কেন্দ্রীয় নেতারা পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৯টার দিকে ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে।

এতে জড়িত ছিলেন মঈন। তিনি নিজেকে যুবদলের কর্মী ও কাউন্সিলর প্রার্থী হিসেবে দাবি করেছিলেন। এ ঘটনায় শুক্রবার রাতেই একাধিক সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ অনলাইন ও মাল্টিমিডিয়া। এতেই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

 

পরে রাতেই চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।