Image description

সান্ডারল্যান্ডের বিপক্ষে গত রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হেরে যাওয়ার দিনে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। এই ম্যাচেই ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাদের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর।

সান্ডারল্যান্ডের স্টেডিয়াম অব লাইটে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে টটেনহ্যাম গোলরক্ষক এন্টোনিন কিনিস্কির সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। যদিও তখনই চোটের ধরণ নিশ্চিত হওয়া যায়নি, ২৭ বছর বয়সী এই আর্জেন্টাইন আর খেলায় ফিরতে পারেননি। তবে স্বস্তির খবর হলো, নিজে হেঁটেই মাঠ ছাড়েন তিনি এবং স্ট্রেচারের প্রয়োজন হয়নি। বেরিয়ে যাওয়ার সময় সতীর্থরাও তাকে সান্ত্বনা দেন।

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে রোমোরোর এই ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির রক্ষনভাগে রোমেরো খুবই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে সংঘর্ষে গোলরক্ষক কিনিস্কিও মাথায় আঘাত পান। তবে তিনি মাঠ ছাড়েননি; ম্যাচের বাকি সময়টা মাথায় ব্যান্ডেজ বেঁধেই খেলেছেন।

টটেনহ্যামের নতুন কোচ রবার্তো ডি জার্বি বলেছেন, ‘এই মুহূর্তে রোমেরোর ইনজুরির বিষয়টি খুবই হতাশার। যদিও এখনও ইনজুরির মাত্রা সম্পর্কে চূড়ান্ত কিছু জানা যায়নি। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে। আশা করছি ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। কারন আমাদের দলে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুমের শেষ পর্যন্ত তাকে দলে প্রয়োজন রয়েছে।’

এই হারের ফলে টটেনহ্যাম এখনও রেলিগেশন জোনে, টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে তারা। ১৭তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে তারা। মৌসুম শেষ হতে আর মাত্র ৬টি ম্যাচ বাকি।

উল্লেখ্য, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তবে এই ডিফেন্ডারের চোটে পড়া বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বেশ অস্বস্তিই বটে।