Image description

দেশের ফুটবল ক্লাব ইতিহাসে অনন্য কীর্তি গড়া কোচ আলফাজ আহমেদকেই অবশেষে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মূলত সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় ক্লাবটির পরিচালনা পর্ষদ। রবিবার (১২ এপ্রিল) ক্লাবের পরিচালক (স্পোর্টস) মো. মোস্তাকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা আমাদের ক্লাবকে বিপর্যয়ের সম্মুক্ষীণ করেছে। ফুটবল দলের এরূপ ফলাফলে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তাসহ মোহামেডানের অগণিত সমর্থকেরা মর্মাহত ও অসন্তুষ্টি প্রকাশ করেছে। ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

যদিও আলফাজের সঙ্গে মোহামেডানের সম্পর্ক দীর্ঘদিনের। গৌরবময়ও বটে। তিনটি ভিন্ন ভূমিকায় ক্লাবকে শিরোপা জেতানোর অনন্য রেকর্ডে জড়িয়ে তিনি। এর মধ্যে ১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে, ১৯৯৯ সালে অধিনায়ক হিসেবে এবং ২০০৫ সালে জাতীয় লিগ জয়েও নেতৃত্ব দেন তিনি। সবশেষ ২০২৫ সালে প্রধান কোচ হিসেবে পেশাদার যুগে মোহামেডানের প্রথম লিগ শিরোপা এনে দেন, যা ক্লাবটির জন্য ঐতিহাসিক অর্জনও।

২০১৩ সালে মোহামেডানের জার্সিতেই পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আলফাজ। এরপর ২০২০ সালে সহকারী কোচ হিসেবে যোগ দেন নিজের চিরচেনা ক্লাবেই। সে সময়ে অস্ট্রেলিয়ার শন লেন প্রধান কোচ ছিলেন, পরে অবশ্য শফিকুল ইসলাম মানিক দায়িত্ব নেন। ২০২৩ সালে লিগের দ্বিতীয় পর্বে দীর্ঘদিন কঠিন সময় পার করা দলটির দায়িত্ব প্রধান কোচ হিসেবে আলফাজের হাতে তুলে দেওয়া হয়।

দায়িত্ব পেয়ে দ্রুতই সাফল্য এনে দেন আলফাজ। ১৪ বছরের শিরোপা খরা কাটিয়ে সেই মৌসুমেই মোহামেডানকে ফেডারেশন কাপ জেতান। ২০২২-২৩ মৌসুমে শিরোপা জয়ের পর ২০২৩-২৪ মৌসুমে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে রানার্সআপ হয় দলটি। তবে ২০২৫ সালের লিগ শিরোপা সব অর্জনকে ছাপিয়ে যায়। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে পেশাদার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় মোহামেডান। 
কিন্তু নিজের প্রিয় প্রাঙ্গণ থেকে বিদায়টা এমন হবে, সেটা হয়তো কল্পনাও করেননি আলফাজ। যদিও এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি মোহামেডানের সদ্য সাবেক এই কোচ।

এদিকে চলমান বাংলাদেশ ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমের বাকি ম্যাচগুলো পরিচালনার জন্য সহকারী কোচ আব্দুল কায়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবের স্থায়ী সদস্য মো. আমিরুল ইসলাম বাবুকে দলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে টিম লিডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সুশৃঙ্খলভাবে মৌসুম শেষ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ১০ দলের লিগে ১২ ম্যাচে ১১ পয়েন্টে টেবিলের সাতে মোহামেডান। রেলিগেশন পর্যায় থেকে থেকে মাত্র দুই পয়েন্ট দূরে অবস্থান সাদা–কালোদের। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়হীন তারা। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে কুমিল্লায় এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে পরাজয়ের স্বাদ নেয় তারা। ফেডারেশন কাপেও নড়বড়ে অবস্থানে দলটি। ৩ ম্যাচে ৫ পয়েন্টে ‘বি’ গ্রুপের চারে আছে মতিঝিল পাড়ার ক্লাবটি। ফলে, প্লে-অফে যেতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির।