Image description

গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের হেনস্তা ও নির্যাতন করা হয়। ওই নৌবহরে থাকা ৪০০ জনের বেশি কর্মীকে আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়ে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। নৌবহরের কর্মীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

সোমবার (২৫ মে) মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা টিআরটি।

মালয় মেইল-এর তথ্য মতে, দেশটির সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেছেন, আইনজীবীরা তথ্য ও প্রমাণ সংগ্রহ সম্পন্ন করার পর কুয়ালালামপুর দ্রুতই আইনি প্রক্রিয়া শুরু করবে। তার দাবি, নৌবহরের কর্মীদের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমিরুদ্দিন বলেন, আমরা নীরব থাকব না, থামব না। আইনজীবী দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব নথি সংগ্রহ করছে, তাদের (নৌবহরের অংশগ্রহণকারীদের) একাধিকবার অপহরণ করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আমরা বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, কূটনৈতিক চাপ অব্যাহত রাখব এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে সফরও চালিয়ে যাব।

তিনি জানান, গাজার পূর্ণ মুক্তি দাবি করে মালয়েশিয়া সরকার কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে। ভবিষ্যতে ফিলিস্তিন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন মালয়েশিয়ায় আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে এ বিষয়ে সচেতনতা ও সমর্থন আরও জোরদার করা যায়।