Image description

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, দু’দেশের নতুন এই চুক্তির ফলে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

 

বুধবার (৮ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

 

হেগসেথ বলেন, বর্তমান ইরানি প্রশাসন বুঝতে পেরেছে যে যুদ্ধের ভয়াবহ পরিণতির চেয়ে একটি চুক্তিতে আসা তাদের জন্য অনেক বেশি শ্রেয়। এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন চুক্তি অনুসারে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

 

হেগসেথ দাবি করেন, এই চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইরানের হাতে বিকল্প কিছু ছিল না। এ কারণে তারা এ চুক্তি করতে বাধ্য হয়েছে।

 
 

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। মাত্র ৪০ দিনেরও কম সময়ে মার্কিন সামরিক শক্তির মাত্র ১০ শতাংশ ব্যবহার করে বিশ্বের অন্যতম বৃহৎ একটি সামরিক বাহিনীকে কার্যত অচল করে দেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের নৌবাহিনী এখন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দেশটির কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বর্তমানে অকার্যকর বা ধ্বংসপ্রাপ্ত।

 

তিনি আরও দাবি করেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ অভিযান প্রতিটি লক্ষ্যমাত্রা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে। ইরান নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ।