ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। অফিশিয়াল ঘোষণার আগে সেলেসাও এবং আনচেলত্তি নতুন এই চুক্তির শর্তাবলীতে চূড়ান্তভাবে একমত হয়েছেন।
শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে গোলডটকম এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চুক্তি আগামী জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই উভয় পক্ষ নতুন করে মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।
সিবিএফ ও আনচেলত্তির মধ্যে সাম্প্রতিক আলোচনাগুলো মূলত গত মার্চে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোর সময় সম্পন্ন হয়। ওই সময় তিনি সিবিএফের আইন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সংগঠনের সভাপতি স্যামির সৌদের সঙ্গেও সরাসরি আলোচনা করেন।
নতুন চুক্তিতে আনচেলত্তির বার্ষিক পারিশ্রমিক ১০ মিলিয়ন ইউরো নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৩০ কোটি টাকা। এটি ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে কোনো কোচের জন্য সর্বোচ্চ বেতন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তার কোচিং স্টাফের বেতনও বাড়ানো হয়েছে।
চুক্তির কাঠামো শ্রম আইনের কারণে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম ধাপে দুই বছরের চুক্তি এবং পরে স্বয়ংক্রিয়ভাবে আরো দুই বছরের নবায়নের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে এটি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ধরা হচ্ছে।
বর্তমানে আনচেলত্তি পরিবারের সঙ্গে কানাডায় অবস্থান করছেন এবং আগামী কয়েক সপ্তাহ ভ্যাঙ্কুভারে সময় কাটাবেন বলে জানা গেছে। এ কারণে চুক্তিটি ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করা হবে, যা বর্তমানে আন্তর্জাতিক ফুটবল চুক্তির ক্ষেত্রে প্রচলিত একটি প্রক্রিয়া।
এর আগে ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেন। তার অধীনে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে চারটি জয়, দুটি ড্র এবং দুটি হার এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।