Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত বিপ্লবের সঙ্গে কোনো ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের পতন অনিবার্য।

 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ডাকসু প্রাঙ্গণে ‘জুলাই সনদ ও সংস্কার: শহীদ পরিবারের আকাঙ্ক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাকসুর উদ্যোগে এই ‘সংস্কার আলাপ’ সভার আয়োজন করা হয়।

 

ভিপি বলেন, আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাংলাদেশে আর কখনোই হাসিনার তৈরি করা ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ফিরে আসতে দেওয়া হবে না। গত ১৬ বছর ধরে যে নিপীড়নমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তা ভেঙে জুলাই সনদ ও নতুন অধ্যাদেশগুলো বাস্তবায়ন করা হবে।

 

বক্তব্যে তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, অতীতে ৭৫ ও ৯০-এর বিপ্লবের সুফল ভোগ করলেও তারা বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আকাঙ্ক্ষার সঙ্গেও একই ধরনের আচরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

 

ডাকসু ভিপি আরও বলেন, যারা বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করছেন, এই পন্থাই ভবিষ্যতে তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। তিনি দেশে প্রকৃত গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।