Image description

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে এই লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে একাদশে বড় পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দুই জন খেলোয়াড় পরিবর্তন করে আজ লাল-সবুজের প্রতিনিধিরা মাঠে নামছে।

কোচ কাবরেরার আস্থার প্রতিদান দিতে আজকের ম্যাচে একাদশে ফিরেছেন প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন।

একই সঙ্গে গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। তাদের জায়গা করে দিতে সাইডবেঞ্চে বসতে হয়েছে মিরাজুল ইসলাম ও মেহেদী হাসান শ্রাবণকে।

 

গত ম্যাচে গোলবারের নিচে শ্রাবণকে দেখা গেলেও আজ মিতুলকেই বেছে নিয়েছেন কোচ। তবে প্রস্তুতি ম্যাচে মিতুলকে পর্যাপ্ত খেলার সুযোগ (গেম টাইম) না দেওয়া নিয়ে ফুটবল পাড়ায় কিছুটা আলোচনা ও সমালোচনা চলছে।

 

ভিয়েতনাম ম্যাচের মতো আজও ৪-৩-৩ ফর্মেশন বা আক্রমণাত্মক কৌশলেই দল সাজিয়েছেন কাবরেরা। সিঙ্গাপুরের রক্ষণভাগ ভেঙে জয়ের বন্দরে পৌঁছানোই বাংলাদেশের মূল লক্ষ্য। 

উল্লেখ্য, গত বছরের ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি বাছাইপর্বের শেষটা জয় দিয়ে রাঙাতে মরিয়া সাবু-তপু-হামজারা।

 

এক নজরে বাংলাদেশের একাদশ:

গোলরক্ষক: মিতুল মারমা।
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন ও ফাহামেদুল ইসলাম।
মধ্যমাঠ: মো. সোহেল রানা (অধিনায়ক), হামজা চৌধুরী ও জায়ান আহমেদ।
আক্রমণভাগ: শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও শমিত সোম।