Image description

থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার (২৭ মার্চ) সকালে এশিয়ান আর্চারিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের আর্চাররা।

গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। এবার অনেক প্রত্যাশা নিয়ে গেলেও অন্য কোনও ইভেন্টের একক বা মিশ্র ইভেন্টেই সেমিফাইনালে খেলতে পারেনি আর্চাররা। ব্যতিক্রম কম্পাউন্ড ইভেন্ট।

এই ইভেন্টে পুরুষ দলগত বিভাগে গত পরশু ফাইনালে উঠেছিল তারা। আজ ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন।

বাংলাদেশি আর্চারদের স্কোর ২৩১ পয়েন্ট। অন্য দিকে ভিয়েতনামের আর্চাররা করেন ২২৫। ৬ পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনাল জিতে স্বর্ণপদক নিশ্চিত করেছে।